**কুমিল্লায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ**
*কুমিল্লা প্রতিনিধি, ৬ এপ্রিল ২০২৫*
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসুয়ারা গ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের পারিবারিক বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।
মুজিবুল হকের ভাতিজা আব্দুল আউয়াল সুমন জানান, সকালে পদুয়া এলাকায় ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সভাপতি মহিউদ্দিন রনির সঙ্গে তার চাচাতো ভাই আহসান উল্লাহর রাজনৈতিক বিরোধ হয়। স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও বিকেলে রনির নেতৃত্বে একটি মিছিল পদুয়া বাজারে বের হয়।
মিছিল শেষে শতাধিক জামায়াত-শিবির কর্মী সাবেক রেলমন্ত্রীর বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে এবং ঘরে আগুন লাগিয়ে দেয়। হামলাকারীরা বাড়ির গেট ভেঙে একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়। হামলায় প্রায় ৭-৮টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম বলেন, “সকালের ঘটনার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। কিছু উত্তেজিত জনতা হয়তো ভাঙচুরে জড়িত থাকতে পারে।”
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, “হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
